দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালী ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরি উন্মুক্ত না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের জ্বালানি স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।
রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক মুখপাত্র বলেন, ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে আঘাত এলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে শুরু করবে’, যদি তেহরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়।
জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি আলি মৌসাভি দাবি করেন, হরমুজ প্রণালী কার্যত খোলা রয়েছে এবং নিরাপত্তা সমন্বয়ের মাধ্যমে জাহাজ চলাচল সম্ভব। তবে সাম্প্রতিক হামলা ও হুমকির কারণে বাণিজ্যিক ট্যাংকার চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে বলে আন্তর্জাতিক শিপিং সূত্রে জানা গেছে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে অবস্থিত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়। এ পথ বন্ধ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
এদিকে সংঘাতের চতুর্থ সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার রাতে ইরান দক্ষিণ ইসরায়েলের দিমোনা ও আরাদ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে, যা নেগেভ অঞ্চলের পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছাকাছি অবস্থিত।
ইরান জানিয়েছে, তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় পূর্ববর্তী হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা জানিয়েছে, নাতাঞ্জে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে সব পক্ষকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।
সূত্র: সিএনএন
এমএস/